advertisement
advertisement

কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, উলিপুরে ৫০ হাজার টাকা জরিমানা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ৬:১১ অপরাহ্ণ
কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, উলিপুরে ৫০ হাজার টাকা জরিমানা

ছবি-সংগৃহীত

advertisement
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন ও সেই মাটি বিক্রির অভিযোগে নুরুজ্জামান নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জানজায়গীর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত নুরুজ্জামান ওই এলাকার মোজাম্মেল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় স্কেভেটর (খননযন্ত্র) দিয়ে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন এবং সেই মাটি বিক্রি করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫ ধারায় নুরুজ্জামানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।
অভিযানে মামলার প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন দুর্গাপুর ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা মশিউর রহমান। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান বলেন, কৃষিজমি দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। জমির শ্রেণি ও প্রকৃতি পরিবর্তন করে অবৈধভাবে মাটি কাটা কিংবা বিক্রির কোনো সুযোগ নেই। কৃষিজমি রক্ষায় এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর